সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে। সোমবার (৮ জুন) সকাল ১১টায় রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক অংশগ্রহন করে।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. কামাল উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক উছিংচা রাখাইন কায়েস, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে, সাংবাদিক শান্তিময় চাকমা, সাংবাদিক মেহেদি হাসান সোহাগ, সাংবাদিক মিশু মল্লিক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিশু দে প্রমুখ।
মানববন্ধনে গণমাধ্যমকর্মীর বলেন, দেশজুড়ে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা, গ্রেফতার ও দমননীতি চালানো হচ্ছে তা মোটেও কাম্য নয়। তাই অবিলম্বে খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তিসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশসহ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ও গ্রেফতারকৃত ও কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা পুলিশ সুপারের কাছেও স্মারক লিপির অনুলিপি প্রদান করেন।