জনপ্রিয় উপস্থাপিকা ও নাসিরনগরের মেয়ে দীপ্তি চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার ৫ জুন ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীপ্তির আক্দ অনুষ্ঠিত হয়। পারিবারিক আয়োজনে সম্পন্ন হওয়া এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। পেশায় তিনি একজন শিক্ষক ও গবেষক। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।
বিয়ের বিষয়টি দীপ্তি চৌধুরী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিকভাবে আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বৃহত্তর পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নতুন জীবনের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। নাসিরনগর উপজেলা সদরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরীর ছোট মেয়ের দীপ্তি চৌধুরীর বিয়ের খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। শুভানুধ্যায়ীরা নবদম্পতিকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন। দীপ্তি চৌধুরী ও ড. মুশতাক ইবনে আইয়ুবের দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এমন প্রত্যাশা নাসিরনগরবাসীর।