গজারিয়া পৈতৃক সম্পত্তি দখল

সীমানা সংক্রান্ত বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৭:৩২ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৭:৩২ পিএম
সীমানা সংক্রান্ত বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়ায় পৈতৃক সম্পত্তি দখল ও সীমানা সংক্রান্ত বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব মিথ্যা প্রচারণার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সোমবার (৮ জুন) বিকেল পাঁচটায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে ভুক্তভোগীদের নিজস্ব বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদা আক্তার। তিনি ভুক্তভোগী শাহজাহানের মেয়ে। শাহিদা আক্তার অভিযোগ করে বলেন, 'পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে আমার বাবা ও চাচাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। বড় বালুয়াকান্দি ও আতিকনগর মৌজায় আমাদের যৌথ মালিকানাধীন সম্পত্তি থাকা সত্ত্বেও আমার পিতাকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করে চাচারা জোরপূর্বক সম্পত্তি ভোগদখল করছেন। ২০০০ সাল থেকে একাধিকবার সালিশ বৈঠক হলেও তারা আমাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে টালবাহানা করছেন।' তিনি আরও বলেন, 'গত ১৯ মে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে আয়োজিত সালিশ বৈঠকে আমাদের ওপরই পরিকল্পিতভাবে হামলা চালানো হয় অথচ উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকি দেওয়ার অপপ্রচার চালানো হচ্ছে। মূলত পৈতৃক সম্পত্তি জবরদখলের লক্ষ্যেই তারা আমাদের চাপে রাখতে এসব কৌশল অবলম্বন করছেন।'

আপনার জেলার সংবাদ পড়তে