মাদকের বিস্তৃতি প্রতিরোধে সরাইলে গ্রামীণ সভা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ১১:৩৩ এএম
মাদকের বিস্তৃতি প্রতিরোধে সরাইলে গ্রামীণ সভা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকের বিস্তৃতি ভয়াবহ রূপ ধারণ করছে। সরাইল সদরের পাড়া মহল্লা অলিগলিতে অনেকটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক। এই ভয়াবহতা ছড়িয়ে পড়ছে প্রত্যেকটি গ্রামেও। আসঙ্কাজনক হারে আসক্ত হয়ে পড়ছে যুবক ও তরূন সমাজ। বাড়ছে চুরি, ছিনতাই, দাঙ্গা, খুন ও অসামাজিক কর্মকান্ড। আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। প্রতিরোধে বিভিন্ন গ্রামে বসছে সভা। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকালে সরাইল সদরের উচালিয়া পাড়ায় মাদকের বিস্তৃতি প্রতিরোধে বসেছিল গ্রামীণ সভা। এর আগে শাহজাদাপুর ও কুচনি-বুড্ডা গ্রামে অনুষ্ঠিত হয়েছে মাদক প্রতিরোধ সভা। 

সূত্র জানায়, গ্রামের কয়েকশত বিশিষ্ট লোকের অংশ গ্রহণে বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মো. আনোয়ার হোসেন, মো. ফজল মিয়া, মো. রফিকুল ইসলাম মানিক, মো. জাকারিয়া, মো. সোনা মিয়া, মো. আব্বাস আলী, মো. রাকিব মিয়া, মো. সারোয়ার হোসেন, মো. বুধল মিয়া, মো. নান্নু মিয়া, হাফেজ মো. কবীর, শাহ মো. জাকির হোসেন, মো. আলমগীর মিয়া, হেবজুল বারী ফায়েজ, মো. হেলাল মুন্সী, মো. মাহফুজ মিয়া, জহিরূল ইসলাম রিপন, আরিফ মো. আবুশা, মো. সাইফুল ইসলাম, এড. নাজমুল হোসেন হিমেল, মো. রাকিব মিয়া, মো. আসমত আলী, মো. জসিম, মো. আরিফুর রহমান টিটু ও মো. মনির উদ্দিন সোহেল প্রমূখ। বক্তারা বলেন, গ্রামকে মাদকমুক্ত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ। মাদক পরিবার সমাজ গ্রাম ও দেশকে ধ্বংস করে। ব্যবসায়ি ও সেবনকারী আমাদের কারো না কারো সন্তান বা স্বজন। তাদের জীবন রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। তাদেরকে বুঝিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। সম্ভব না হলে সম্মিলিত ভাবে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিব। গুটি কয়েকজনের জন্য পুরো গ্রামের বদনাম হতে দেব না। আগামী ১৫ দিনের মধ্যে মাদকের সাথে জড়িতদের অভিভাবকরা আপনাদের সন্তানকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করূন। না পারলে আমরা চেষ্টা করব। সকলে মিলে অন্তত আমাদের উচালিয়াপাড়া গ্রামকে মাদকমুক্ত করব। গত সপ্তাহ দিন আগে মাদকের ভয়াবহতায় অতিষ্ঠ হয়ে শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে ও নোয়াগাঁও ইউনিয়নের কুচনি-বুড্ডা গ্রামের লোকজন প্রতিরোধ সভা করেছেন। সেখানে সকলেই মাদকের বিস্তৃতির ভয়াবহ চিত্র তুলে ধরে প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের বিষয় আলোচনা করেছেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গ্রামের অলিগলিতে যেভাবে মাদক ছড়িয়ে পড়ছে এভাবে সভা সমাবেশ করে মাদকের বিরূদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলা খুবই ভালো উদ্যোগ। এমন আন্দোলন ফলপ্রসূ হওয়ার বিষয়ে আমি আশাবাদী। তবে কেউ যেন কোন ভাবেই আইনকে হাতে তুলে না নেন।

আপনার জেলার সংবাদ পড়তে