চাঁদপুর শহরের পুরাণ বাজারে রাইস মিলের অপরিশোধিত বর্জ্য (ধানের তুষ, ছাই এবং গরম পানি) খালে ফেলে দূষণ ও ভরাট করার দায়ে লোহারপুল নাপিত বাড়ি খাল সংলগ্ন পৃথক দুটি অটো রাইস মিলকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।পরিবেশ রক্ষায় খাল দূষণমুক্ত রাখার জন্য মিল কর্তৃপক্ষকে জেলা প্রশাসন থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ও সাজিদ হক।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের পুরাণবাজারে অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘন করে পাশবর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারন করে খাল দূষণ ও ভরাট করায় মেসার্স চাঁদপুর অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিল মালিককে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্য কর্মচারীরা এ সময় ছিলেন। ভ্রাম্যমাণ আদাত পরিচালনায় আইন শৃংখলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট নির্দেশনা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।