সৈয়দপুরে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই, লাখো টাকার ক্ষয়ক্ষতি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৬ জুন, ২০২৬, ০৫:২৫ পিএম | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৫:২৫ পিএম
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই, লাখো টাকার ক্ষয়ক্ষতি

নীলফামারীর সৈয়দপুরে গোলাহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের লাখো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই দোকানগুলোর মালামাল ভস্মীভূত হয়।

জানা যায়, ১৬ জুন দুপুরে হঠাৎ তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ সম্পদ পুড়ে গেছে। অনেকের ব্যবসার একমাত্র অবলম্বন ছিল এসব দোকান। হঠাৎ এমন ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

স্থানীয় বাসিন্দারা শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার এবং নিয়মিত নিরাপত্তা তদারকির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

আপনার জেলার সংবাদ পড়তে