সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, অপতথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬ খ্রি.) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তারের প্রেক্ষাপট এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যেকোনো তথ্য মিথ্যা হলেই তা অপতথ্যে পরিণত হয়। অনুমতি ছাড়া কারো ছবি বা ভিডিও ধারণ ও প্রচার করা উচিত নয়। এসব বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। ছোটখাটো বিষয় বলে অবহেলা করলে তা বড় ধরনের সামাজিক সমস্যার কারণ হতে পারে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের শিক্ষিত ও দায়িত্বশীল হতে হবে। অপতথ্য ও গুজব নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কাজও জোরদার করা প্রয়োজন। তিনি বলেন, অপপ্রচার সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী সবাইকে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।
সেমিনারের শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার ডকুমেন্টারির মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, এর নেতিবাচক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরা হয়।
পরে অনুষ্ঠিত উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম,
জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাংবাদিক রহিম বাদশা, গিয়াস উদ্দিন মিলন, রিয়াদ ফেরদৌস, তালহা জুবায়ের, আল ইমরান শোভন, ফারুক আহমেদ, শরীফ চৌধুরী,নাট্যকার লিটন ভূঁইয়া,সাংবাদিক শাহরিয়া পলাশ,আশিক বিন রহিম প্রমুখ। লেখক ও সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।
বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, তথ্য যাচাই এবং গুজব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।