সিলেট সফরে এসে ব্যতিক্রমধর্মী অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে নগরের বিমানবন্দর সড়কসংলগ্ন চৌকিদেখি এলাকায় বৃষ্টির মধ্যেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা চা শ্রমিকরা ফুল ছিটিয়ে ও মালা নিক্ষেপ করে তাকে স্বাগত জানান। সকাল থেকেই লাক্কাতুড়া ও মালনীছড়া চা বাগানের শতাধিক শ্রমিক, যাদের অধিকাংশই নারী, সড়কের পাশে অবস্থান নেন। কারও হাতে ছিল গাঁদা ফুলের মালা, কারও হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে তারা দৈনন্দিন কাজ সাময়িকভাবে বন্ধ রেখে সেখানে জড়ো হন।
সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর চৌকিদেখি এলাকা অতিক্রম করার সময় শ্রমিকরা ফুল ছিটিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় বৃষ্টির মধ্যেও বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর গাড়িবহরের পেছনে সড়কের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নেন। চৌকিদেখি পয়েন্টে মহানগর বিএনপির নেতাদের নেতৃত্বে দলীয় কর্মীরা তাকে স্বাগত জানান। নগরীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টেও একই ধরনের অভ্যর্থনার আয়োজন করা হয়। সফরপথে সাধারণ মানুষকেও সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
চা শ্রমিক মুরালি বলেন, “দেশের নেতা সিলেটে এসেছেন। তাই আমরা কাজ বন্ধ রেখে ফুল নিয়ে তাকে স্বাগত জানাতে এসেছি।” সফরসূচি অনুযায়ী, সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।