দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা বিতরণ ও উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবাহী অফিসার জজ মিত্র চাকমার সভাপতিত্বে অনুস্ঠিত অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ অফিসের মাধ্যমে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে ৫০ বান টিন এবং জনপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া কৃষি অফিসের মাধ্যমে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়। এসময় প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও খামারিদের মাঝে নগদ অর্থ, খাদ্য উৎপাদন ও দুধ উৎপাদন সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। অসহায়, কৃষক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খামারিদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।