সৈয়দপুরে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৩:৩৬ পিএম
সৈয়দপুরে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে কৃষিকে গুরুত্ব দিয়ে কাজ করছে ব্র্যাক। কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়।  গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও ব্র্যাকের ভুমিকা প্রশংসনীয়। ২১ জুন নর্থ ডিভিশনের সৈয়দপুর অঞ্চলের সৈয়দপুর সদর এলাকার চৌমুহনী শাখায় ব্র্যাক আয়োজন করে এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা। ওই সভায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে এক নারী উপকারভোগীর মাঝে একটি পাওয়ার টিলার মেশিন প্রদান করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম,এলাকা ব্যবস্থাপক নয়ন কুমার সরকার, চৌমুহনী শাখা ব্যবস্থাপক ইসরাত জাহান, উপজেলা হিসাব কর্মকর্তা রফিকুল ইসলাম,  এসএসএফ এর এলাকা ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন,ক্রপসের তাপসী রায় ও সুলতান মাহমুদ। অনুষ্ঠানে উপকারভোগী নারীর হাতে আনুষ্ঠানিকভাবে পাওয়ার টিলারের চাবি তুলে দেওয়া হয়। 

এ সময় প্রধান অতিথি বলেন,কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নারীদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাওয়ার টিলারটি ব্যবহারের মাধ্যমে উপকারভোগী নিজস্ব জমি স্বল্প সময়ে ও কম খরচে চাষাবাদ করতে পারবেন। পাশাপাশি প্রতিবেশীদের জমি আবাদ করে দেওয়ার মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হবে। ফলে তাঁর পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকায় কৃষি যান্ত্রিকীকরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাওয়ার টিলার বিতরণের মাধ্যমে একজন নারী শুধু নিজের জীবিকার পথই সুগম করবেন না, বরং স্থানীয় কৃষকদেরও সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান করতে পারবেন। বিতরণকৃত প্রতিটি পাওয়ার টিলারের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। স্থানীয় কৃষক ও এলাকাবাসী ব্র্যাকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে