সামান্য বৃষ্টিতেই সৈয়দপুর খিয়ারপাড়া মাদ্রাসা মাঠে থইথই পানি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ২১ জুন, ২০২৬, ০৪:৪২ পিএম | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৪:৪২ পিএম
সামান্য বৃষ্টিতেই সৈয়দপুর খিয়ারপাড়া মাদ্রাসা মাঠে থইথই পানি

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় পরিণত হচ্ছে সৈয়দপুর উপজেলার আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল  মাদ্রাসার মাঠ। ভরা বর্ষা মৌসুমের শুরুতেই মাঠজুড়ে পানি জমে থাকায় শিক্ষার্থী, শিক্ষকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে মাঠের চারপাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই মাঠটি ছোট জলাশয়ের রূপ নেয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সম্প্রতি কয়েক মিনিটের হালকা বৃষ্টির পর দেখা যায়, মাঠের অধিকাংশ অংশ পানির নিচে তলিয়ে গেছে। কাদা ও স্থির পানির কারণে শিক্ষার্থীদের মাঠে চলাচলও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান,বছরের পর বছর ধরে একই সমস্যা চললেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। মাদ্রাসার এক শিক্ষক বলেন,শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মাঠের গুরুত্ব অনেক। কিন্তু সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে ডুবে যাওয়ায় তারা খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এলাকাবাসীর মতে, মাঠের আশপাশে ড্রেন সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা হলে সমস্যার সমাধান সম্ভব। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান,সমস্যাটি সম্পর্কে তারা অবগত রয়েছেন। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে মাঠের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্ষার শুরুতেই খিয়ারপাড়া মাদ্রাসা মাঠে জলাবদ্ধতার এ চিত্র স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। শিক্ষার পরিবেশ ও জনস্বার্থে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান দাবি। এ ব্যাপারে মাদ্রাসার সুপার মোঃ আফজাল হোসেন বলেন,অর্থের অভাবে কাজ করতে পারছি না। তবে সংশ্লিষ্ট দপ্তরে লেখালেখি করা হচ্ছে। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিপ না করায় বিশ নেয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে