দীর্ঘ জনদুর্ভোগের পর অবশেষে প্রশস্ত হচ্ছে চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপোল - দোকানঘর সড়ক। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের আওতায় শহরতলীর পুরাণবাজার লোহারপোল থেকে জাফরাবাদ - দোকান ঘর পর্যন্ত ১ কিলোমিটার সড়ক দেড় কোটি টাকার অধিক ব্যায়ে রাস্তাটির পুনঃনির্মাণে মজবুতিকরণ ও সার্ফেসিং কাজ শুরু হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬ খ্রি.) সকালে জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন
কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় তিনি বলেন,এই কাজটি আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে এবং তারেক রহমানের সরকার যে গণমানুষের কল্যাণকর, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করার সরকার। নতুন সরকারের অল্পদিনে তার প্রমাণ পেয়েছেন আপনারা। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন যে কোয়ালিটিপূর্ন রাস্তা হবেই। এই রাস্তাটা দীর্ঘদিন অর্থাৎ ২৪'র গণঅভ্যুত্থানের পর থেকে আমি চেষ্টা করছি ঠিক করার। অবশেষে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় সেই সুযোগ আসলো। দেরি হলেও সাধারণ মানুষের আর ভোগান্তি হবে না,এইটুকু বলতে পারি। এবং যেখানে উন্নয়ন হবে সেখানে টেকসই উন্নয়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মুহা. ইউনুস আলী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ সওজ কর্মকর্তাবৃন্দ ও অন্যরা। নির্বাহী প্রকৌশলী মুহা. ইউনুস আলী জানান, দোকানঘর থেকে লোহারপুল এর দিকে টোটাল এক কিলোমিটার এই সড়কটি সংস্কার ও মজবুতিকরণ উন্নয়ন কাজটি হবে দুটি প্যাকেজে। একটা প্যাকেজ ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা এবং আরেকটা প্যাকেজে কাজ হবে ৭৮ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যায়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসফার আরাফ অ্যাসোসিয়েট, প্রোপাইটর মো.রাশিদুল ইসলাম।