বর্তমান সরকারের দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের আধুনিকায়ন ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মেসার্স আসলাম এন্টারপ্রাইজ নামের একটি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠপর্যায়ে কাজটি সম্পাদন করছে।
সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই প্রকল্পটির প্রায় ৫০ শতাংশেরও বেশি কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ, গতিশীল ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সংস্কার কাজের আওতায় পরিষদের মূল ভবন মেরামত, আকর্ষণীয় রঙ ও অভ্যন্তরীণ অবকাঠামোগত নান্দনিক উন্নয়ন করা হচ্ছে। কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী জানান, কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। চলতি জুন মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে নবসজ্জিত ও আধুনিক এই কমপ্লেক্সটি জনসাধারণের সেবায় পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। //সংশ্লিষ্টরা মনে করছেন, এই আধুনিকায়নের কাজ সম্পন্ন হলে কুলাঘাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ আরও নান্দনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে দ্রুততম সময়ে তাদের কাঙ্ক্ষিত প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।