লৌহজংয়ে নদীর পাড়ে অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৬:০০ পিএম
লৌহজংয়ে নদীর পাড়ে অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া বাজার সংলগ্ন নদীর পাড়ে সরকারি জমি ও স্থানীয়দের জমি অবৈধভাবে ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে লৌহজং উপজেলা প্রশাসন।

সোমবার ২২ জুন বিকাল ৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।  অভিযানের সময় অবৈধভাবে বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ও ভেকু (খননযন্ত্র) ক্ষতিগ্রস্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদীর পাড়ের সরকারি জমি ও আশপাশের ব্যক্তিমালিকানাধীন জমি বালু ফেলে ভরাট করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসী জানান, এভাবে অবৈধভাবে নদী ভরাট অব্যাহত থাকলে নদী তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়বে। তারা আরও বলেন, হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ থাকলেও এভাবে অবৈধ দখল ও ভরাট কার্যক্রম চলতে থাকলে নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। স্থানীয়রা অবৈধ ভরাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নদী রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু বলেন, লৌহজং উপজেলার যেখানেই এধরনের অবৈধ ভাবে ভড়াট ও অনিয়ম হবে সেখানেই প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে