পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে এক কৃষকের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।এতে ঘরের আসবাবপত্র ধান, চালসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁছবেতুয়ান গ্রামের কৃষক আবু শামার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই কৃষক আবু শামার একটি বসত ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হলেও আগেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। এতে ঘরের আসবাবপত্র, ধান,চালসহ প্রায় ৪ লাখ টাকার মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন ঘটনাটি তিনি জেনেছেন। সরেজমিন পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতা করা হবে।