শরণখোলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৩ জুন) সকালে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা এবং বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে মাদকের কুফল বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শরণখোলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নান্না মিয়া বিএসসি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জগদীশ চন্দ্র পাল, মো. মাহমুদুল হাসান, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নিশাত জুবাইদা ঐশী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী অহনা হালদার অপি প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীরা সারাজীবনে মাদকের সঙ্গে জড়িত না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী ও জনসাধারণের সমন্বয়ে রাজাপুর বাজারে মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি বাজারের সড়কসমূহ প্রদক্ষিণ করে রাজাপুর বাজার মন্দিরের সামনের সড়কে পথসভা করে।
পথসভায় মাদকের কুফল সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া বিএসসি বলেন,
“বর্তমানে মাদক সমাজে সর্বগ্রাসী আকার ধারণ করেছে। যুবসমাজ ও কোমলমতি শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে। মাদক প্রতিরোধে এলাকাবাসী ও অভিভাবকদের সর্বাত্মকভাবে এগিয়ে আসতে হবে।”