পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর হস্তক্ষেপে ২৪ ঘন্টার মধ্যে ভাঙ্গুড়ার পুরাতন ডাকবাংলোর দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। তিনি খবর পাওয়ার পর পরই জেলা পরিষদ থেকে লোক পাঠান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জায়গাটি উদ্ধার হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী স্যাজিস্ট্রেট মিজানুর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এর আগে সোমবার রাতের আঁধারে পৌরসভার শরৎ নগর বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা ডাকবাংলোর ওই সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করে।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, এর আগেও জেলা পরিষদের এই বাংলোর জায়গা জবরদখল হয়েছে। সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে কিন্তু তখনকার চেয়ারম্যান বা সদস্যরা কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রশাসক জহুরুল ইসলাম বিশু সরকারের এই মূল্যবান সম্পদ রক্ষায় তাৎক্ষণিক বাবস্থা নিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ডাক বাংলোর দখল হওয়া জায়গাটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ওই ব্যক্তি
ভবিষ্যতে আর এমন কাজ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।