শেরপুরে পুলিশের হাতে আটক সামির হোসেন মিশু

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ১২:৪৭ পিএম
শেরপুরে পুলিশের হাতে আটক সামির হোসেন মিশু

বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. সামির হোসেন মিশু (৫৮) কে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। সোমবার ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঘাটপার এলাকার মকটেল আইল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা মৃত ডা. সাফদার হোসেনের ছেলে বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু শেরপুর উপজেলায় ডা. মনিরুজ্জামান স্বপনের জন্মদিনে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে মকটেল আইল্যান্ডে এসেছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে