ইসলামপুরে লাগেজে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৫:০৬ পিএম
ইসলামপুরে লাগেজে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় একটি লাল রঙের লাগেজের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ইসলামপুর থানার পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাতে উপজেলার ছিটমহল চর পুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় একটি পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রাতে বেনুয়ার চর এলাকার মাছ চাষী আলমাছ তার মাছের প্রজেক্ট দেখতে আসেন। এসময় রাস্তার পাশে ঝুঁপড়ির মাঝে একটি লাল রঙের লাগেজ দেখতে পান তিনি। পরে পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে তার ভিতর থেকে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করেন।

ইসলামপুর থানার ওসি মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চরপুটিমারি বেনুয়ারচর এলাকায় একটি লাগেজ দেখতে পায় স্থানীয়রা। লাগেজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় তাদের। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাগেজ খুলে মরদেহটি দেখতে পায়,মরদেহটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে এটি বেশ কয়েক দিন আগে হয়তো হত্যার পর লাগেজে ভর্তি করে ফেলে চলে গেছে। তিনি আরো বলেন,মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে