কুমিল্লার হোমনা উপজেলায় অনলাইন জুয়ায় বিপুল অঙ্কের টাকা হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন এক প্রবাসী। শেষ পর্যন্ত সেই হতাশা সহ্য করতে না পেরে বিষাক্ত কীটনাশক ট্যাবলেট (কেরির বড়ি) খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৩ জুন) হোমনা উপজেলায় এই ঘটনা ঘটে। নিহত মেরাজুল ইসলাম (৪৪) উপজেলার আসাদপুর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত শহিদুল্লাহর ছেলে।
জানা যায়, গত ১৫ দিনে অনলাইন জুয়ার নেশায় পড়ে মেরাজুল ইসলাম প্রায় ২২ লাখ টাকা হারান। বিপুল এই আর্থিক ক্ষতির পর তিনি চরম মানসিক চাপে ও বিষণ্ণতায় ভুগছিলেন। মঙ্গলবার তিনি বিষাক্ত কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ গ্রাম আসাদপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানায়, নিহতের মরদেহের ময়নাতদন্ত ঢাকায় সম্পন্ন হয়েছে এবং মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, মেরাজুল ও তার এক ছেলে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর তারা তীব্র অর্থসংকটে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকটজনিত হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানায় ওসি।