গফরগাঁওয়ে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ১২:০৯ এএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ১২:০৯ এএম
গফরগাঁওয়ে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৮ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ হেলিম মীর পলাতক রয়েছে। ঘটনাটি শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় গফরগাঁও  উপজেলার উস্থি ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় ঘটে। এ ঘটনায় বুধবার (২৪ জুন) বিকালে ভুক্তভোগী শিশুর মা রোহেলা বাদি হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেছেন।

তিনি এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। থানা মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে হেলিম মীর রাস্তায় একা পেয়ে ফুসলিয়ে স্থানীয় একটি স্কুলের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে ধারালো ছুরি দেখিয়ে কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে স্থানীয় একটি মহল সালিশ-দরবারের নামে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং সময়ক্ষেপণ করে। এই সুযোগে অভিযুক্ত বৃদ্ধ পালিয়ে যায়। এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে