ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগির মধ্যে শেষ বগিটিও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়। এর ফলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশন এলাকায় হঠাৎ করে বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাটি ঘটার পরপরই ট্রেনটি কিছু সময় থেমে থাকে এবং পরে রাত ১২টা ২৫ মিনিটে বগিগুলো রেখেই চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। একই সঙ্গে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয় উদ্ধার কার্যক্রম শুরু করতে।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার পর রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। প্রথমে দুটি বগি উদ্ধার করা হলেও বাকি একটি বগি সরাতে সকাল পর্যন্ত কাজ চলতে থাকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে সেটিও উদ্ধার করা সম্ভব হয়। পরে রেললাইন মেরামত ও নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে প্রকৌশল বিভাগ।
ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, “ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। তিনটি বগিই সফলভাবে উদ্ধার করা হয়েছে। এখন রেললাইন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে মেরামত কাজ চলছে।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রাখা হয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সময় পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।