জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে

কাপাসিয়ায় বিশাল মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৫:২৭ পিএম
কাপাসিয়ায়  বিশাল মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে 'বিশ্ব মাদক বিরোধী দিবস ২০২৬' উপলক্ষে উপজেলা সদরে মাদক বিরোধী এক বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন, শুক্রবার সকাল ১০ টায় 'ফকির মজনু শাহ সেতুর' পশ্চিম প্রান্ত থেকে র‍্যালীটি শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ মোড়, থানার মোড় প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা ও যুব বিভাগের উপজেলা সভাপতি মু.আক্তার হোসেন র‍্যালীর নেতৃত্ব দেন। পরে উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ সালমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ হোসেন বকুল, সহকারী সেক্রেটারি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবুল ফাত্তাহ, কাপাসিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি ও টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মু. আক্তার হোসেন প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রতি বছর ২৬ জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়ে আসছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে এবং এর বিরুদ্ধে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করতে ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দিবসটি পালনের সূচনা করা হয়। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা যুব বিভাগ মানুষকে সচেতন করার জন্য মাদক বিরোধী এ কর্মসূচীর আয়োজন করে। বর্তমানে মাদকের ভয়াবহ থাবায় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মাদকের অপব্যবহারের কারণে শারীরিক, মানসিক ও আর্থ-সামাজিক ক্ষতির বিষয়ে জনসচেতনতা তৈরি করতে আমাদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক মাদক চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ মাদকের বিস্তার রোধে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। বক্তারা আরো বলেন, মাদকাসক্তদের অপরাধী হিসেবে না দেখে তাদের সঠিক চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। মাদক কারবারি ও মাদক সেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। "মাদককে না বলি, সুন্দর আগামী গড়ি" এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে জামায়াতে ইসলামীর যুব বিভাগের ১১টি ইউনিয়নের নেতাকর্মীরা মাদক বিরোধী রঙবেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন এবং মাদক বিরোধী বিভিন্ন ধরনের শ্লোগান প্রদান করেন। 
আপনার জেলার সংবাদ পড়তে