কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি খাল থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নাংগলকোট থানা পুলিশ। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হাঁটতে বের হয়ে এক ব্যক্তি হেসাখাল পদুয়ার কবরস্থানের পাশের খালে এক ব্যক্তিকে ভাসতে দেখেন। কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী পদুয়ারপাড় গ্রামের রুহুল আমীন ও জসিম উদ্দিন জানান, মরদেহটি বিবস্ত্র অবস্থায় খালে ভাসছিল। তাদের ধারণা, নিহত ব্যক্তি স্থানীয় নন; কারণ এলাকায় এ ধরনের কোনো নিখোঁজের ঘটনা জানা নেই। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।