নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০লিটার বাংলা চোলাই মদ ও ৩০পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মিরাট ইউনিয়নের চরকানাই ডাঙ্গাপাড়া এলাকা থেকে জুয়েল জোসেন (৩০) নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৩০পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জুয়েল মিরাট ধনপাড়া গ্রামের দেলু মোল্লার ছেলে।
এছাড়া মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আতাইকুলা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০লিটার বাংলা চোলাইমদসহ শরিফ উদ্দীন (২৮) নামে মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়েছে। আটক শরিফ নওগাঁর মান্দা উপজেলার তুরুকবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান,শরিফসহ কয়েকজন প্লাস্টিকের জারে ৪০লিটার বাংলা চোলাই মদ নিয়ে এসে বিক্রির জন্য অপেক্ষা করছিল। এসময় তাকে আটক করা হয়।এঘটনায় শরিফসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।