সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন:

যুক্তরাজ্যপ্রবাসী স্বামীর বিরুদ্ধে প্রতারণা, হামলা ও হয়রানির অভিযোগ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৪:৪১ পিএম
যুক্তরাজ্যপ্রবাসী স্বামীর বিরুদ্ধে প্রতারণা, হামলা ও হয়রানির অভিযোগ

যুক্তরাজ্যপ্রবাসী স্বামী মাহমুদ আলীর বিরুদ্ধে প্রথম স্ত্রীর তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, অর্থ আত্মসাৎ, প্রাণনাশের হুমকি এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী রোহেলা খানম।

মঙ্গলবার (৩০ জুন) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোহেলা খানম অভিযোগ করেন, ২০২২ সালের ১১ ডিসেম্বর পারিবারিকভাবে ইসলামী শরিয়াহ অনুযায়ী মাহমুদ আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে মাহমুদ আলী লিখিতভাবে দেশে-বিদেশে তাঁর অন্য কোনো স্ত্রী নেই বলে অঙ্গীকার করেন। বিয়ের সময় ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণের পাশাপাশি ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তাঁর মালিকানাধীন একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট স্ত্রীকে রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তিনি।

রোহেলা খানমের ভাষ্য, বিয়ের কিছুদিন পর লন্ডনে ব্যবসা সম্প্রসারণ এবং তাঁকে যুক্তরাজ্যে নেওয়ার কথা বলে তাঁর লন্ডনপ্রবাসী ছোট ভাই শফিকুল ইসলামের কাছ থেকে মাহমুদ আলী ২০ লাখ টাকা ঋণ নেন। পরে তিনি জানতে পারেন, প্রথম স্ত্রী ও সন্তানের বিষয়টি গোপন রেখেই মাহমুদ আলী তাঁকে বিয়ে করেছেন। এ ঘটনায় তিনি সিলেট মেট্রোপলিটন আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে তাঁকে ফ্ল্যাট থেকে উচ্ছেদের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। মাহমুদ আলীর প্রথম পক্ষের স্ত্রী ফাতিমা বেগম ভাড়াটে সন্ত্রাসী দিয়ে একাধিকবার তাঁর ওপর হামলা চালিয়েছেন বলেও দাবি করেন তিনি।

রোহেলা খানম অভিযোগ করেন, গত ২৪ মে আবু তাহের তপু নামে এক ব্যক্তির নেতৃত্বে ২-৩ জন তাঁর বাসায় প্রবেশ করে ধর্ষণচেষ্টা, ধর্ষণের হুমকি এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়া গত ১৮ জুন ঘটনার প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে বাসার সিসি ক্যামেরা সরিয়ে ফেলার চেষ্টা করা হয় বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ঘটনার ভিডিও সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। একই সঙ্গে শিপন ও জুয়েল নামে দুই ব্যক্তি ফ্ল্যাট দখলের উদ্দেশ্যে ভূমি অপরাধ ও প্রতিকার আইনে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম তাঁর বক্তব্য না নিয়েই একপাক্ষিক ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে রোহেলা খানম তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা, ধর্ষণচেষ্টা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধ এবং বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে