স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আবু জাফর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। ২৯ জুন পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, রাজস্ব আদায়, বিভিন্ন সরকারি কর্মসূচি এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।
পরিদর্শনের সময় পরিচালক পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো জনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সুযোগ না রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন।
এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিচালককে অবহিত করেন। পরিচালক সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি যেসব ক্ষেত্রে আরও উন্নয়নের সুযোগ রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেন।
এ সময় সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।
কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ফুলের তোড়া হাতে দিয়ে তাঁকে অভিনন্দন জানান। পরে পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।