মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ১ জুলাই, ২০২৬, ০২:৩৮ পিএম | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০২:৩৮ পিএম
মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় খরিপ/২০২৬ মৌসুমে রোপা আমন ধান, নারিকেল, ভেষজ ও ফলজ চারা এবং শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, কৃষি কর্মকর্তা আবুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী, বিআরডিবি কর্মকর্তা শেখর পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, "কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কৃষিকাজ করার পাশাপাশি প্রণোদনার উপকরণ যথাযথভাবে ব্যবহার করতে হবে। তাহলে উৎপাদন বাড়বে, কৃষক লাভবান হবেন এবং দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে।"

তিনি আরও বলেন, "ফলদ, নারিকেল ও ভেষজ গাছের চাষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে। তাই সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানাই।" অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক ও প্রতিষ্ঠানকে ৫টি করে মোট ৩ হাজার ৯০০টি ফলজ চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া ৭০০ জন কৃষককে শাকসবজির বীজ এবং ৭০০ জন কৃষককে রোপা আমন ধানের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করে তুলতেই সরকারের এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে