সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে সোহান ওরফে জঙ্গী সোহান (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সোহানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, গণধর্ষণসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৯টি মামলা রয়েছে। সে উপজেলার হাবিবপুর এলাকার দুলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ১৯টি মামলার রেকর্ড রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, ডাকাতি, অস্ত্র আইনের মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, আইন-শৃঙ্খলা বিঘ্ণকারী অপরাধ এবং অন্যান্য ফৌজদারি অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং কয়েকটি মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছেন বলে পুলিশ জানায়। সোনারগাঁ থানা ওসি গোলাম সরোয়ার সাংবাদিকদের জানান, গ্রেপ্তার হওয়া সোহানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।