বাসের ভিতরেই ইয়াবা সেবন করছিলো সুপারভাইজার ও হেলপার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ১১:৪৮ এএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ১১:৪৮ এএম
বাসের ভিতরেই ইয়াবা সেবন করছিলো সুপারভাইজার ও হেলপার

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রী বাস টার্মিনাল এলাকায় থামিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসের ভিতরে বসে ইয়াবা সেবন করছিলো সুপারভাইজার ও হেলপার। এসময় বিষয়টি দেখতে পেয়ে বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী ওই সুপারভাইজার ও হেলপারকে ইয়াবা এবং সেবনের সরঞ্জামাদিসহ হাতে নাতে আটক করে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ আসার আগেই তাদের ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (পহেলা জুলাই) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গ্রিন লাইন কাউন্টারের সামনে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বলাকা সার্ভিসের সুপারভাইজার বাকেরগঞ্জ উপজেলার মো. সাজু (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা হেলপার মো. আসলাম (৪৫), বাসের ভেতরে বসেই ইয়াবা সেবন করছিলো। এ সময় পাশের একটি চায়ের দোকানে অবস্থানরত সরকারি বিএম কলেজের শিক্ষার্থী খান শাওনসহ কয়েকজন শিক্ষার্থী বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করেন। পরে অভিযুক্তদের ধরে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের গুঁড়া এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া যায়। বিষয়টি জানিয়ে কোতোয়ালী থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই রহস্যজনক কারণে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা অভিযুক্ত দুই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে ফিরে এসেছে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে