চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষে

সাংস্কৃতিক অনুষ্ঠান সপরিবারে উপভোগ করলেন এমপি মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৭:১৫ পিএম
সাংস্কৃতিক অনুষ্ঠান সপরিবারে উপভোগ করলেন এমপি মানিক

চাঁদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, সরকার প্রধান তারেক রহমান ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় এক আয়োজন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২ জুলাই)  বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আহমেচাঁদপুরদ জিয়াউর রহমানের সভাপ্রধানে এমপি মানিক আরো বলেন,  সংস্কৃতিমনা চাঁদপুরে এমন সুন্দর আয়োজন আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নজরুলের বিদ্রোহ, মানবতা ও সাম্যের বাণীকে নতুন করে সবার মাঝে জাগ্রত করবে। তিনি নতুন প্রজন্মকে নজরুল চর্চায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন,এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসন চাঁদপুর ও জেলা শিল্পকলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আশা করি, ভবিষ্যতেও আমাদের শিল্প-সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পরে স্ত্রী,একমাত্র কন্যা সন্তানকে নিয়ে নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে