দুই বকরী ছাগলে দিন বদলাতে চায় ছাকিরন বিবি

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৮:১৮ পিএম
দুই বকরী ছাগলে দিন বদলাতে চায় ছাকিরন বিবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও স্বল্প আয়ের ১৫টি পরিবারের হাতে জীবিকার নতুন সম্ভাবনা তুলে দিতে বিনামূল্যে দুটি করে মোট ৩০টি বকরি ছাগল বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি পরিবারকে একটি করে সঞ্চয়ী ব্যাংক ও একটি করে গাছের চারা দেওয়া হয়, যাতে আয় বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা যায়। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার কঠুরাকান্দি নদীর পাড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাসেডের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং এ্যাসেডের বাস্তবায়নে আয়বর্ধক কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ্যাসেডের চেয়ারম্যান মো. আশরাফ আলীর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মো. শাহাজাহান সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ এবং উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।

বক্তারা বলেন, ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র পরিবারকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। ছাগল পালন করে বাচ্চা উৎপাদন ও বিক্রির মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয় করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

হতদরিদ্র বিধবা ছাকিরন বিবি বলেন, বিনামূল্যে দুটি বকরি ছাগল পেয়েছি। ভালোভাবে লালন-পালন করব। এগুলো থেকে আরও ছাগল হবে। সেগুলো বিক্রি করে সংসারের অভাব কিছুটা হলেও দূর করতে পারব বলে আশা করছি। আনোয়ারা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর সংসারে উপার্জন করার মতো কেউ নেই। অনেক কষ্টে, কখনো অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হয়। এই দুটি বকরি ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি। যদি ভালোভাবে বড় করতে পারি, তাহলে সংসারের অবস্থার পরিবর্তন হবে। কর্মসূচির আওতায় নির্বাচিত ১৫ জন উপকারভোগীর মাঝে দুটি করে মোট ৩০টি বকরি ছাগল, একটি করে সঞ্চয়ী ব্যাংক এবং একটি করে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে