ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে আটজন জখম হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া ও কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনী এলাকা থেকে একটি কালো রঙের কুকুর তাদের কামড় দেয়। তাদের সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা সড়ক ধরে একটি কালো রঙের কুকুর পাইকপাড়া গ্রামে আসে। এসময় কুকুরটি একে একে ৬ জনকে কামড় দেয়। পরে একই সড়ক ধরে কালীগঞ্জ বাজারে প্রবেশ করে। এসময় বাজারের পুরাতন হাটচাঁদনী এলাকায় মাসুদ কাজি নামে দাড়িয়ে থাকা এক ব্যবসায়ীর উপর হামলা করে জখম করে ও অপর দুই জনকে। পরে স্থানীয়রা তাদের সবাইকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কুকুরের কামড়ে জখম পাইকপাড়া গ্রামের ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, আমি ভ্যান নিয়ে দাড়িয়ে ছিলাম। এসময় একটি কুকুর আচমকা আমার উপর ঝাপিয়ে পড়ে কামড় দেয়। একই সময় পাইকপাড়া গ্রামের নারীসহ আরো চারজনকে কামড় দেয়।
কুকুরের কামড়ে জখম মাসুদ কাজি বলেন, আমার বাড়ি কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামে। আমি আমার গ্রামে ব্যবসা করি। ব্যবসার মাল নিতে দুপুরে কালীগঞ্জ শহরে এসেছিলাম। হঠাৎ একটি কুকুর আমার উপর ঝাপিয়ে পড়ে হাতের একটি আঙ্গুলের আংশিক ছিড়ে ফেলে। এছাড়া আমার পরিহিত জামাও প্যান্ট ছিড়ে ফেলে। পরে সেখানে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার ছানা জানান, কুকুরের কামড়ে জখম ছয়জন হাসপাতালে এসেছিল। সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরবর্তী ভ্যাকসিন নেওয়ার সময় উল্লেখ করে চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে।