কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক তিনটি বিশেষ অভিযানে আনুমানিক (ছেচল্লিশ লক্ষ আঠারো হাজার নয়শত নব্বই) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও অন্যান্য চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালাই পোড়া মাঠ নামক স্থানে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০,৩০০ পিস ভারতীয় চকলেট বাজি, ২,৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬,৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ত্রিশ লক্ষ ঊনষাট হাজার পাঁচশত) টাকা।
একই দিন পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে পরিচালিত অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল ভারতীয় মদ, ১,৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৭৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (নয় লক্ষ চৌদ্দ হাজার সাতশত নব্বই) টাকা। ৭ জুলাই মঙ্গলবার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শান্তি পাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮ বোতল ভারতীয় মদ, ৯ লিটার দেশীয় মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত) টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।