জামালপুরে সাবেক আইন কর্মকর্তার অফিস থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৩:১৯ পিএম
জামালপুরে সাবেক আইন কর্মকর্তার অফিস থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার

জামালপুর আদালতের সাবেক আইন কর্মকর্ত(এপিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যাক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলার কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দোতলায় একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় তৈরি দুইটি পাইপগান, নাইন এমএম পিস্তলের ৪টি গুলি, শর্টগানের ৪টি গুলি, ৬টি ককটেল, ২টি পেট্রোল বোমা এবং ৬টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান ।

স্থানীয়রা জানায়,ঐদিন  বিকেলে তালা ভেঙে আইনজীবীর অনুপস্থিতিতেই তার কার্যালয়ে পুলিশ প্রবেশ করে। এ সময় কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র থেকে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। পরে তা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি কার্যক্রম নিষিদ্ধ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামীলীগ শাসনামলে তিনি আওয়ামী আইনজীবী পরিষদ থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি জামালপুর আদালতে সরকারি আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন। এবিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি এর মোবাইল ফোনে একাধিকবার কলকরা হলেও তিনি রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে