পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে । মঙ্গলবার (৭ জুলাই) গভির রাতে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর হতে পারে। মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা ও সংগঠনের লোগো রয়েছে। ওখানকার বাসিন্দা সেরাজুল জানান, মঙ্গলবার বিকালে স্থানীয়রা গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান মরদেহটি াগরে জোয়ারে ভাসতে দেখতে পান। পরে কুয়াকাটা নৌ পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাটার সময় রাতে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ কোনো জেলের মরদেহ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গঙ্গামতি এলাকা থেকে ৩০ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।