কলাপাড়ায় শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৬:৩৭ পিএম
কলাপাড়ায় শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আগামি ১০ জুলাই, শুক্রবার এই সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে এখন গোটা শহরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তবে এ নির্বাচনে নানা আলোচনার মধ্যে সমালোচনা চলছে অসংখ্য ভোটার রয়েছেন যাদেও দৃশ্যমান কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। অব্যবসায়ী ও বিভিন্ন দোকানের অসংখ্য কর্মচারীকে ভোটার করা হয়েছে। এদের সংখ্যা কারও ভাষ্যমতে পাঁচ শ’, কারও মন্তব্য আরও বেশি। এক কথায় অসংখ্য ভুয়া ভোটার রয়েছে তালিকায়। ভুয়া ভোটারের জন্য সাধারণ বৗবসায়ীরা বর্তমান কমিটিকে দায়ী করছেন।

জানা গেছে, ২০১৫ সাল থেকে এ প্রতিষ্ঠানটি নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত কমিটি’র মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আগামি ১০ জুলাই কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির ভোট গ্রহণ চলবে। বর্তমানে মোট ভোটার সংখ্যা ২৩৭৮। ১২টি পদের মধ্যে ১০টি পদে নির্বাচন হচ্ছে। বিনা প্রতিদ্বন্ধিতায় ২ টি পদে নির্বাচিত হয়েছেন। এখন ১০টি পদে ২২ জন প্রতিদ্বন্ধিতা রয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২টি পদে নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মো. খালেক খাঁন, ক্রিড়া ও সাংস্কতিক সম্পাদক ফরিদ উদ্দিন।

এ নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তারা হলেন নাজমুল ইসলাম ও শফিকুল হক পনির, সিনিয়র সভাপতি পদে মোঃ নিজাম উদ্দীন, মোঃ রেহান উদ্দিন। সহসভাপতি পদে তাজুল ইসলাম (আজাদ), মোঃ রহিমুল হক হিরা ও মোঃ শওকত হোসেন। সাধারন সম্পাদক পদে সৈয়দ মুহাম্মদ রাসেল ও মোঃ জহিরুল হক বাবু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোঃ আমানুল ইসলাম ও মোঃ ফারুক হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আক্তার হোসেন তালুকদার ও মোঃ খালাসি জামাল। অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহমান ও মোঃ মমিন বিশ্বাস। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মোনাসেফ খান ও কাজী মোঃ সোহেল। সদস্য পদে মোঃ আলমগীর হোসেন, মোঃ খোকন মোল্লা, মোঃ মাসুদ, মোঃ জহিরুল ইসলাম ও হৃদয়কৃষ্ণ মন্ডল টোটন।  সমিতির নির্বাচনকে ঘিরে কলাপাড়া পৌর এলাকায় ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ফেস্টুনে ছেয়ে গেছে, প্রচার প্রচারণায় মুখর প্রার্থীরা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে চালানো হচ্ছে প্রচার। যাকে ভোট দিলে ব্যবসায়ী সমিতি উন্নয়ন হবে-এমন ব্যক্তিকেই নির্বাচিত করার পক্ষে বেশির ভাগ ভোটার অভিমত প্রকাশ করেছেন। 

অধিকাংশ ব্যবসায়ীরা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আমরা চাই। তবে দৃশ্যমান ব্যবসা নেই এরা কীভাবে ভোটার হলেন এনিয়ে অসংখ্য ব্যবসায়ী ক্ষুব্ধ হয়ে আছেন। এমনকি বিভিন্ন দোকানের শত শত কর্মচারী কীভাবে ভোটার হয়েছেন এ নিয়ে তাঁদের প্রশ্ন? এটা কোন মতেই ঠিক হয়নি। যারা করেছেন তারা ব্যবসায়ী সমিতির ক্ষতি করেছেন। অপেশাদারী লোকজন কখনো কোন সংগঠনের প্রকৃত শুভাকাঙ্খী হথে পারেন না। তারা সমিতির জন্য উল্টো বিপজ্জনক। তবে অধিকাংশ ব্যবসায়ীর দাবি, যারা নিবাচিত হবেন তারা ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকবেন। আর যারা ভুয়া ভোটার তাঁরা যেন স্বেচ্ছায় নিজের লজ্জাবোধ থেকে কেন্দ্রে না যায় এমন অনুরোধও করেছেন অনেক ব্যবসায়ী।

কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন বলেন, ‘ কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির এবারের নির্বাচনের জন্য করা ভোটার তালিকাটি স্বচ্ছ নয়। ত্রুটিপূর্ণ। সকল ব্যবসায়ী যেমন ভোটার নয়; তেমনি আবার বহু ভোটার ব্যবসায়ী নন। নিয়ম রয়েছে, ট্রেড লাইসেন্সের পাশাপাশি দৃশ্যমাণ ব্যবসা থাকলে তারাই ভোটার থাকবেন। নইলে পেশাদারিত্ব থাকে না। আর ব্যবসায়ীদের প্রকৃত স্বার্থ সংরক্ষণে অন্তরায় হয় ওই অব্যবসায়ীরা। এটি যাচাইবাছাই করার দরকার ছিল।’ কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন-২০২৬ এর নির্বাচন কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো: আব্বাস আলী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের হাতে নেতৃত্ব তুলে দেয়া হবে। আমাকে আস্থা ও বিশ্বাসের ওপর দায়িত্ব দিয়েছে। তবে ভুয়া ভোটারের বিষয় কেউ লিখিত কোন অভিযোগ দেননি। দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে