বিরলে সড়কে অব্যাহত বৃষ্টির পানিতে চলাচলের ব্যাপক সমস্যার সৃষ্টি

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৬:৪৭ পিএম
বিরলে সড়কে অব্যাহত বৃষ্টির পানিতে চলাচলের ব্যাপক সমস্যার সৃষ্টি

বিরলের ০৮ নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপির মোড় হতে দ্বীপনগর সড়কে অব্যাহত বৃষ্টির পানিতে সাধারণ জনগণের চলাচলের ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিগত সরকারের আমলে সরকারের প্রতিমন্ত্রী সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিলেও প্রায় দুই কিলোমিটার এই সড়কটি পাকাকরণে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বর্তমান সরকারের আমলে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর সুদৃষ্টি কামনা করে সড়কটি পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, এ সড়কে দ্বীপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  প্রায় শতাধিক শিক্ষার্থীকে পড়ালেখার জন্য নিয়মিত যাতায়াত করতে হয়, তাই বৃষ্টি হলে কর্দমাক্ত সড়কে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয়রা জানান, গ্রামের বাসিন্দাদের বিশেষ করে ভোগান্তিতে পড়তে হয় রোগী পরিবহণের ক্ষেত্রে। এ্যাম্বুলেন্স কাঁচা ও কর্দমাক্ত সড়কে নিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় রোগীদের প্রায় দুই কিলোমিটার দূরে পাকা সড়কে নিয়ে গিয়ে এ্যাম্বুলেন্সে তুলতে হয়। 

অপরএকজন বাসিন্দা জানান, টানা বৃষ্টি হলে এ সড়কে যাতায়াত করতে গিয়ে মানসম্মান থাকে না। শরীরে কাঁদা মাটি লেগে যায় প্রতিনিয়ত। দূর্ঘটনাও ঘটে অহরহ। তাই এসব বিড়ম্বনা থেকে রক্ষা পেতে দ্রুত সড়কটি পাকাকরণে উদ্যোগ গ্রহণের দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন জানান, সড়কটি পাকাকরণের জন্য ইতিমধ্যে উপজেলা থেকে প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ অনুমোদন প্রদান করলে শীঘ্রই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে