বালুয়াকান্দিতে যাত্রা শুরু করল শাহ শের আলী গ্রুপের ‘ন্যাচার লাউঞ্জ’

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৫:৩৬ পিএম
বালুয়াকান্দিতে যাত্রা শুরু করল শাহ শের আলী গ্রুপের ‘ন্যাচার লাউঞ্জ’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল শাহ শের আলী গ্রুপের নতুন উদ্যোগ 'ন্যাচার লাউঞ্জ'। প্রকৃতি, বিশুদ্ধ খাবার ও আধুনিক সেবার সমন্বয়ে গড়ে উঠেছে ব্যতিক্রমধর্মী এই প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. রোকন-উদ-দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক আবু সুফিয়ান, কবি ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোহাম্মদ কামরুজ্জামান তরুণ এবং বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র নাতি চরিত্রখ্যাত অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ কাজী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার বলেন, "প্রায় দুই দশকের সেবার অভিজ্ঞতা ও মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে 'ন্যাচার লাউঞ্জ' প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রচলিত হাইওয়ে রেস্টুরেন্টের ধারণাকে নতুন মাত্রা দিয়ে একই ছাদের নিচে প্রকৃতি, বিশুদ্ধ খাবার, আধুনিক সেবা ও পারিবারিক বিনোদনের এক অনন্য সমন্বয় ঘটিয়েছে। শত শত দেশি-বিদেশি গাছপালা, ২১টি দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের সমাহার এবং পাখির কলকাকলিতে ভরা এই নৈসর্গিক পরিবেশ দর্শনার্থীদের মনের ক্ষুধা মেটানোর পাশাপাশি এনে দেবে বিশুদ্ধ অক্সিজেনের নির্মল সংস্পর্শ। খাদ্যরসিকদের জন্য এখানে রয়েছে দেশি-বিদেশি নানা ধরনের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের সমাহার। এছাড়া শিশুদের জন্য কিডস জোন, জিম কর্নার, মেশিন ম্যাসাজ জোন ও নামাজের সুব্যবস্থা। একই কমপ্লেক্সে রয়েছে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। যেখানে সিএনজি, এলপিজি, অকটেন ও ডিজেল সরবরাহ করা হয়। আরও রয়েছে অনন্যা মার্ট, আধুনিক জামে মসজিদ এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা। ফলে এটি শুধু একটি রেস্টুরেন্ট নয় বরং একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স।'

আপনার জেলার সংবাদ পড়তে