সোনারগাঁয়ে প্রাচীন সেতু পুনর্র্নিমাণের দাবিতে মানববন্ধন

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) :
| আপডেট: ১০ জুলাই, ২০২৬, ০৫:৩৯ পিএম | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৫:৩৯ পিএম
সোনারগাঁয়ে প্রাচীন সেতু পুনর্র্নিমাণের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশ দ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুনরায় নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে সোনারগাঁয়ের 'ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। গতকাল শুক্রবার সকালে পানাম নগরীতে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম-আহ্বায়ক রহমান মুজিব, সদস্য সচিব রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক,  সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, উদীচী শিল্পী গোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংবাদিক বিল্লাল হোসেন, সুমন আল হাসান ও প্রকৌশলী বাবুল মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, পানাম নগরীর প্রধান প্রবেশদ্বারে একসময় একটি ছোট কিন্তু অত্যন্ত নান্দনিক ও ঐতিহাসিক প্রাচীন সেতু ছিল। এই সেতুটি শুধু যাতায়াতের অবকাঠামোই ছিল না, বরং পানাম নগরীর স্থাপত্যিক সৌন্দর্য ও ঐতিহাসিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হতো। ২০০১ সালের পর স্থানীয় প্রশাসন ও একটি প্রভাবশালী মহল সেতুটি ভেঙে ফেলায় পানাম নগরী তার গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য হারায়। বক্তারা বলেন, সেতুটির ওপর দাঁড়ালে পানাম নগরীর সারিবদ্ধ প্রাচীন ভবন, চারপাশের প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপত্যের এক অনন্য দৃশ্য একসঙ্গে উপভোগ করা যেত। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি ছিল অন্যতম আকর্ষণ। সেতুটি ধ্বংস হওয়ার ফলে পানাম নগরীর নান্দনিক সৌন্দর্য ও ঐতিহাসিক পরিবেশেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নস্থল পানাম নগরীর হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারের স্বার্থে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে সেতুটি পুরোনো নকশা, নির্মাণশৈলী ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দ্রুত পুনর্র্নিমাণের দাবী জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে