কাপাসিয়ার যুবক হাওরে ঘুরতে গিয়ে পানিতে নিখোঁজ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম
কাপাসিয়ার যুবক হাওরে ঘুরতে গিয়ে পানিতে নিখোঁজ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর থেকে কিশোরগঞ্জের নিকলী-মিঠামইন-ইটনা হাওর অঞ্চলে ঘুরতে গিয়ে শুক্রবার দুপুরে সফিকুল ইসলাম টুলু (৪২) নামে এক যুবক পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে। সে উপজেলা সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। জানা যায়, কাপাসিয়া থেকে শুক্রবার সকালে কান্দানিয়া এলাকার ৩২ জন বন্ধু বিভিন্ন মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের নিকলী মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরে নিকলী ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যাবার পথে তিন কিলোমিটার দূরে হঠাৎ তাদের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় অন্যান্যের সাথে ৩ বন্ধু গোসল করার জন্য হাওরের বিস্তীর্ণ পানিতে ঝাঁপ দেয়। দুই বন্ধু আনোয়ার ও হাফিজুল পানি থেকে উঠতে পারলেও সফিকুল ইসলাম টুলু আর উঠতে পারেনি। ধীরে ধীরে সে গভীর পানিতে তলিয়ে যায়। নৌকার মাঝির সহযোগিতায় বহু খোঁজাখুঁজির পর স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ টুলুর কোনো খোঁজ মিলেনি। স্বজনরা জানান, কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের সফিকুল ইসলাম টুলুর স্ত্রী গত ৮ মাস আগে মারা যান। তাদের দু'টি সন্তান রয়েছে। টুলুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার জেলার সংবাদ পড়তে