সোনারগাঁ থেকে ছিনতাই হওয়া মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা এবং রাতে সাভারে পৃথক অভিযান চালিয়ে তেল উদ্ধার করা হয়। এঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ ও এর চালক মোঃ আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে একটি কাভার্টভ্যান ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল নিয়ে রওনা হয়। নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে কাভার্ডভ্যানচালক ট্রাকসহ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মোঃ হাছান আলী বাদী হয়ে পরদিন সোনারগাঁ থানায় মামলা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, তেলসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খোয়া যাওয়া সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।