প্রধানমন্ত্রীকে দেখার জন্য পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার ঢল

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ১১:১১ এএম
প্রধানমন্ত্রীকে দেখার জন্য পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে তাকে একনজর দেখার জন্য মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভোর বেলা থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পরা ঢল নেমেছে। পদ্মা সেতু টোলপ্লাজার মাওয়া এলাকা, এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে যেন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এসময় বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সোমবার (১৩ জুলাই) ভোর রাত থেকেই মাওয়া প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে থেকে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। তার এ সফরে বিভিন্ন উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের মধ্যেও এ সফরকে কেন্দ্র করে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি দেশের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বহন করবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার যে বার্তা তিনি দিচ্ছেন, তা আগামী প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সরাসরি সম্পৃক্ততা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা-প্রাপ্তির মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আমরা বিশ্বাস করি, এ সফরের মাধ্যমে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমান করে তাঁর প্রতি মানুষের অফুরন্ত ভালোবাসা এবং তারা দেখিয়েছেন তাদের আস্থার বহিঃপ্রকাশ।

আপনার জেলার সংবাদ পড়তে