শুরু হতে পারে এইচএসসি পরীক্ষাও

পরিস্থিতি অনুকূলে থাকলে বৃহস্পতিবার খুলবে বান্দরবানের পর্যটনকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৫:১৫ পিএম
পরিস্থিতি অনুকূলে থাকলে বৃহস্পতিবার খুলবে বান্দরবানের পর্যটনকেন্দ্র

টানা বৃষ্টি ও বন্যার কারণে স্থগিত থাকা বান্দরবানের এইচএসসি পরীক্ষা এবং বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পুনরায় চালুর পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। তবে আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা-পরবর্তী পরিস্থিতি ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, “আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আবহাওয়া ও বন্যা পরিস্থিতি অনুকূলে থাকলে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। একই সঙ্গে পর্যটকদের জন্য বন্ধ থাকা জেলার সব পর্যটন স্পটও খুলে দেওয়া হবে।”

তিনি বলেন, বান্দরবানের বিপুলসংখ্যক মানুষের জীবিকা পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ১৫ জুলাইয়ের পর বড় ধরনের কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলে ১৬ জুলাই থেকে পর্যটনকেন্দ্রগুলো চালু করার পরিকল্পনা রয়েছে।

গত ৬ জুলাই শুরু হওয়া টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কায় প্রথম দফায় ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। পরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ৮ জুলাই জারি করা আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

টানা সাত দিনের বৃষ্টিতে বান্দরবানের ৩৪টি ইউনিয়নের মধ্যে ২৯টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। পানিবন্দি হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং পর্যটন কার্যক্রমও বন্ধ হয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, গত কয়েক দিনে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমেছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও নেমে যাচ্ছে। এ কারণে জেলার সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বর্তমানে উদ্ধার, পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের কাজ চলছে।

তিনি আরও বলেন, “এ দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এভাবেই একসঙ্গে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।”

জেলা প্রশাসনের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে শিক্ষা কার্যক্রম এবং পর্যটন খাত স্বাভাবিক হওয়ার মাধ্যমে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডও আবার গতি ফিরে পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে