হিলচিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ টিনসেটে পাঠদান

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৫:২১ পিএম
হিলচিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ টিনসেটে পাঠদান

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া পশ্চিম পাড়া আব্দুল মন্নাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ টিনসেট ভবনে শিক্ষা দিচ্ছেন শিক্ষকরা। সামান্য বৃষ্টি হলেই টিনের ছাউনী ভেদ করে শ্রেণি কক্ষে পানি পড়ে শিক্ষার্থীদের যেমন বই নষ্ট হচ্ছে তেমনিভাবে শিক্ষকদের শিক্ষাদান করতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই বিদ্যালয়ের ১৫১ জন কোমলমতি শিক্ষার্থী রয়েছে। জানা যায়, এই বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে ১ জানুয়ারী সরকারি করণ করা হয়। বিদ্যালয়ের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাফ। এর মধ্যে ৮৬ জন ছাত্রী ও ৬৫ জন ছাত্র রয়েছে। উপজেলার ১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ৩টি বিদ্যালয়ে টিনসেট ভবনে পাঠদান হচ্ছে। এর মধ্যে রয়েছে হিলচিয়া পশ্চিম পাড়া, আব্দুল মন্নাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিতপুর পৌর শহরের গোলক চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিরারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে বর্তমানে ভবনের দৈর্ঘ্য সংখ্যা ৫৪ ফুট ও প্রস্থ ২৩ ফুট, অফিস কক্ষ সহ মোট ৪টি কক্ষ থাকায় শিক্ষার্থীরা গাদাগাদিভাবে বসে শিক্ষা নিতে হচ্ছে শিক্ষকদের নিকট হতে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা: মাহবুবা সুলতানা বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ২০১৮ সালে ১ বার এবং ২০২৩ সালে আরেকবার মাটি পরীক্ষা করা হয়েছে। বাজিতপুর উপজেলা সরকারি শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, বিদ্যালয়টির ভবন নির্মাণের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে বিদ্যালয়টির পরিস্থি সম্পর্কে খোজখবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে