সুজানগরে কাঁচা মরিচের ঝাঁজ বৃদ্ধি

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৬:০৩ পিএম
সুজানগরে কাঁচা মরিচের ঝাঁজ বৃদ্ধি

পাবনার সুজানগরের হাট-বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এতে ক্রেতারা হতাশ হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ আগেও সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে বর্তমানে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে নিম্ন এবং  মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সুজানগর পৌরসভার মানিকদীর গ্রামের দিনমজুর আব্দুল লতিফ বলেন, বুধবার পৌর বাজার থেকে প্রতিকেজি কাঁচা মরিচ কিনেছি ৭০টাকা দরে। অথচ ৫/৬দিনের ব্যবধানে বর্তমানে সেই মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ থেকে ১১০টাকা দরে। এতে আমাদের মতো গরীব মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা কঠিন হয়ে পড়েছে। উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মজিদ অভিযোগ করে বলেন, হাট-বাজারে কাঁচা মরিচের যথেষ্ট আমদানি রয়েছে। কিন্তু তার পরও ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় চড়া দামে বিক্রি করছেন। তবে সবজি ব্যবসায়ীরা বলেন বৈরী আবহাওয়ার কারণে কাঁচা মরিচের আমদানি কম। সেকারণে দাম বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন ব্যবসায়ীরা বাজারে কাঁচা মরিচের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে