পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দেড় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ওই জাল পরিবহনের দায়ে মিলন(৩৬) নামে এক যুবককে ৫ টাকা অর্থদণ্ড ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নৌবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের অনিলের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আজম ও থানার এসআই এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ এর ৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় লক্ষাধিক টাকার তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস ও জাল পরিবহনের দায়ে এক যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তবে ঘটনাস্থলে জাল ব্যবসায়ী হরিপদকে না পাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি।