রায়গঞ্জ খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, বাসযাত্রী আটক

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ০৭:৩২ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৭:৩২ পিএম
রায়গঞ্জ খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, বাসযাত্রী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ঢাকাুবগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে খেলনা গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর পিংকি পাম্পসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি বাসে এ অভিযান চালানো হয়।

ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় বাসে তল্লাশি চালিয়ে যাত্রী রবিউল আলম সিদ্দিকীকে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। পরে তাঁর সঙ্গে থাকা একটি খেলনা গাড়ি তল্লাশি করে ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালানটি দেশের উত্তরাঞ্চলে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় ডিএনসির অভিযোগের ভিত্তিতে রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

ডিএনসির কর্মকর্তারা জানান, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।


আপনার জেলার সংবাদ পড়তে