আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ০৮:১৪ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৮:১৪ পিএম
আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটিতে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন প্রশাসন বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে উত্তোলন কাজ বন্ধ করে দেন।

বুধহাটা ইউনিয়নের নৈকাটি উত্তরপাড়ায় মৎস্য ঘেরে ভূ-গর্ভ থেকে অবৈধ ভাবে মহোৎসবে বালু উত্তোলন করা হচ্ছিল।গোদাড়া গ্রামের সাগর হোসেন ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন বালু উত্তোলন করছিল। ইউএনও শ্যামানন্দ কুন্ডুকে এলাকাবাসী জানালে বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেনন। ভূমি কর্মকর্তা জানান, আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেয়ে মেশিন বন্ধ করতে বলি এবং ভবিষ্যতে এমন কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসি। 

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় নেই। এটা বড় ধরনের অপরাধ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার জেলার সংবাদ পড়তে