আশাশুনি উপজেলার বড়দল বাজারে খাস জমিতে বসবাসকারী অসহায় গরীব পরিবারের সদস্য ও প্রতিবন্ধী সন্তানদের উপর হামলা, বসত বাড়ি ও ঘেরে ভাংচুর, অলঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৩ জুলাই দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বড়দল বাজারের সেলিম গাজীর স্ত্রী জরিনা খাতুন বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহার সূত্র ও বাদী জানান, মোহাম্মদ নগর (বড়দল) গ্রামের মাসুম শেখ, অজিয়ার রহমান সানা অনু, বড়দল বাজারের আব্দুর রহমান সানা ওরফে ছোট কখন আনুদের বাড়ী আমাদের একই গ্রামে। আমি অসহায় ভূমিহীন গরীব মহিলা। আমার স্বামী গরীব দিনমজুর। আমরা শারীরিক প্রতিবন্ধী কন্যা কারিমা খাতুন ও প্রতিবন্ধী পুত্র ইমরানকে নিয়ে বুড়িয়া সাকিনস্থ সরকারী ১০০ শতক খাস জমিতে বসবাস ও কিছু জমিতে মৎস্য ঘের করে আসতেছি। প্রতিপক্ষ সম্পূর্ণ গায়ের জোরে বেআইনী ভাবে আমাদের ভোগদখলীয় জমি জবর দখল করতে ষড়যন্ত্র করছিল। গত ১৩ জুলাই বেলা ১.৩০ টার সময় তারা দা, লোহার রড ও বাঁশের লাঠি সহকারে আমাদের বসত বাড়ীর মধ্যে অনধিকার প্রবেশ করে বাড়ী ছেড়ে চলে যেতে বলে। আমার স্বামী বাড়ীতে না থাকায় রাজি না হওয়ায় তারা আমার প্রতিবন্ধী সন্তান দু'জনকে এলোপাতাড়ী মারপিট করে শরীরের রক্তজমাট বাধা বেদনাদায়ক নিলাফোলা জখম করে। আমার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরনের কাপড় চোপড় টেনে ছিড়িয়া বেআব্রু করতঃ শ্লীলতাহানী ঘটায়। বসত ঘর বাড়ী ও মৎস্য ঘেরের ঘুনি, পাটা ভাংচুর করে ৭০,০০০ টাকার ক্ষতিসাধন করে। আমার গলায় থাকা ১ ভরি ওজনের রুপার চেইন (মূল্য অনুঃ ৫০০০) টাকা জোর পূর্বক কেড়ে নেয়। আমাদের ডাকচিৎকারে আমার স্বামী সহ আশপাশের লোকজন ছুটে আসলে আক্রমনকারীরা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।